আব্দুর রাজ্জাক আশিক
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে বগুড়ার ধুনট পৌরসভার উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ধুনট সরকারি নইম পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর ও খেলার মাঠ এলাকায় এ অভিযানের উদ্বোধন করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিদ্যালয় চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও মশার উপদ্রব কমাতে ফগার মেশিনের মাধ্যমে ধোঁয়া ছড়ানো হয়।
ধুনট পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় ধুনট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমান, উচ্চমান সহকারী হোসনে মোবারক নয়ন, কার্য সহকারী মাহমুদুল ইসলাম টুকু, কর নির্ধারক আব্দুল মান্নান, বাজার পরিদর্শক জহুরুল মল্লিক, টিকাদানকারী মাহবুবা আকতার ও ফারুক হোসেন, স্টোর কিপার আফরোজা কেয়া, স্বাস্থ্য সহকারী আব্দুর রাজ্জাক, হিসাব সহকারী সঞ্জয় কুমার পোদ্দার, স্টাফ আবুল কালাম, মিজানুর রহমান, আব্দুল হালিম ও সম্রাট আকবর উপস্থিত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা যায়, মশাবাহিত রোগের বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া
মতামত