স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’র আয়োজনে দেশব্যাপী সর্বস্তরের জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সচেতন করতে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র ঘোষিত বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সমর্থন-সফল-বাস্তবায়নে আগামী ১৮, ১৯ ও ২০ অক্টোবর তিনদিনব্যাপী রাঙ্গামাটি পার্বত্য জেলার তিনটি উপজেলায় ১ লক্ষ চারা রোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনদিনের বৃহত্তর এ কর্মসূচীর মধ্য রয়েছে ১৮ অক্টোবর রবিবার কাপ্তাই উপজেলা, ১৯ অক্টোবর, সোমবার, কাউখালী উপজেলা এবং ২০ অক্টোবর, মঙ্গলবার, রাঙ্গামাটি সদর উপজেলায় ৫০ হাজার শিক্ষার্থীর হাতে দুটি করে এক লক্ষ চারা বিতরণের এ কর্মসূচি। তিনদিনের কর্মসূচি সফল করতে সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা, পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার কাপ্তাই উপজেলা সফর করেন। সফরকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ ও বনবিভাগ, বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগসহ বিভিন্ন দপ্তরে এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হন। এসময় সংগঠনের সদস্যদের মধ্যে ছিলেন আকতার হোসেন নিজামী, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা সিদ্দিকা, আব্দুল মোমেন মোল্লা, আজিজুন রহমান, মো : মুজিবুর রহমান।
মতবিনিময়কালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো : জাহাঙ্গীর আলম বলেন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বৃহত্তর চট্টগ্রামে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে কাজ করে আসছে। তাদের সাহসী কর্মকান্ড আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো : সাইফুর রহমান বলেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের কোন বিকল্প নেই। গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স বৃহত্তর চট্টগ্রামে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে যে কাজ করছে তা প্রশংসার দাবি রাখে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো : মামুনুর রশীদ বলেন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ করা শুধু সরকার ও সরকারি কর্মকর্তাদের একার পক্ষে সম্ভব নয়, এটি সকল নাগরিকদের নাগরিক দায়িত্বও বটে। গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স যে সাহসী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে, এভাবেই সকল নাগরিক এগিয়ে এলে পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণ সম্ভব হবে।
আগামীকাল ৩০ সেপ্টেম্বর বুধবার রাঙ্গামাটি সদরে সফর করবেন সংগঠনের নেতৃবৃন্দ। সফরকালে তারা সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হবেন। বিকালে রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকসহ সরকারি বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দেরসাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হবেন। একইদিন সন্ধ্যায় নেতৃবৃন্দরা রাঙ্গামাটি প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হবেন। পরদিন ১ অক্টোবর সকালে নেতৃবৃন্দরা চট্টগ্রামে ফেরার কথা রয়েছে।
মতামত