প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিতে পানির নিচে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাস, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা
||
নিজস্ব প্রতিনিধি | নওগাঁ | ১০ জুলাই ২০২৬টানা ও ভারী বর্ষণের ফলে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাস পানিতে তলিয়ে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের বাসিন্দারা। শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে কলেজের মাঠ, প্রধান সড়ক, গেট, চলাচলের পথ এবং ক্যাম্পাসের বিভিন্ন অংশ হাঁটুসমান পানিতে ডুবে যায়। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়, কলেজের প্রধান মাঠ সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। ক্যাম্পাসজুড়ে থৈ থৈ পানি জমে থাকায় শিক্ষার্থীরা এক ভবন থেকে অন্য ভবনে যেতে চরম দুর্ভোগের মুখে পড়ছেন। কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকাও পানিতে ডুবে যাওয়ায় অনেকেই প্রয়োজনীয় কাজেও বের হতে পারছেন না।এদিকে কলেজ সংলগ্ন বিভিন্ন ছাত্রাবাস ও মেসেও পানি প্রবেশ করেছে। ফলে অনেক শিক্ষার্থী নিজ নিজ কক্ষ থেকে বের হতে পারছেন না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। পানি জমে থাকায় নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।শুধু কলেজ ক্যাম্পাসই নয়, নওগাঁ শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকাতেও বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় অল্প সময়ের ভারী বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।শিক্ষার্থীরা দ্রুত ক্যাম্পাসের জমে থাকা পানি নিষ্কাশন এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকিও আরও বৃদ্ধি পাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি