প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণের লক্ষ্যে দক্ষিণ মোহাম্মদপুর মিসবাহুল উলুম মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
||
তারিখ: ১১ জুলাই ২০২৬ (শনিবার)
নিজস্ব প্রতিবেদক: মোঃ নাঈম সরকার রিফাত
কুমিল্লার দাউদকান্দী উপজেলার দক্ষিণ মোহাম্মদপুরে অবস্থিত মোহাম্মদপুর মিসবাহুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে নতুন পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণের লক্ষ্যে এক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষানুরাগী ও সুধীজনের উপস্থিতিতে মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
মাদ্রাসার সম্মানিত সভাপতি আল্লামা হাসান জামিল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশের বিশিষ্ট ইসলামী আলোচক আল্লামা মামুনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মনোরুজ্জামান বাহলুলসহ বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব, আলেম-ওলামা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ গঠনে দ্বীনি শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য বাস্তবায়নে মোহাম্মদপুর মিসবাহুল উলুম মাদ্রাসার জন্য একটি আধুনিক পাঁচতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবনটি নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান, আবাসন ও শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্মেলনে উপস্থিত বক্তারা ধর্মীয় শিক্ষা বিস্তার, নৈতিক চরিত্র গঠন এবং কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে দেশ-বিদেশের দানশীল ব্যক্তি, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।
সকাল থেকেই সম্মেলনস্থলে মানুষের ঢল নামে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পুরো অনুষ্ঠান সম্পন্ন হয় এবং উপস্থিত মুসল্লিরা বক্তাদের বক্তব্য গভীর মনোযোগের সঙ্গে শোনেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
স্থানীয়দের মতে, মাদ্রাসার ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক ও সম্প্রসারিত করার লক্ষ্যে নতুন পাঁচতলা ভবন নির্মাণের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় নির্মাণকাজ দ্রুত বাস্তবায়িত হবে এবং প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার একটি অন্যতম কেন্দ্র হিসেবে আরও সমৃদ্ধ হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত আর এন টিভি