ব্রাজিলের ক্লাবে ফেরার ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার ফুটবলার
এক ক্লাবে দীর্ঘ ১৫-২০ বছর খেলার উদাহরণ বর্তমানে দেখা যায় না বললেই চলে। কখনো ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের চুক্তি ফুরিয়ে যায়। অনেক সময় নানান ঘটনায় খেলোয়াড়েরা স্বেচ্ছায় ক্লাব বদলান। থিয়াগো আলমাদা যে ক্ষণে ক্ষণে ক্লাব পরিবর্তন করা ফুটবলারদের এক জন। সাত বছরের ক্যারিয়ারে পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তিনি।
বর্তমানে আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলা আলমাদা সবশেষ খেলেছিলেন ব্রাজিলের বোতাফোগোর জার্সিতে। আজ তিনি সরাসরি না বললেও ব্রাজিলিয়ান ক্লাবটিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ডালাসে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর মিক্সড জোনে কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে বোতাফোগোর নাম উল্লেখ করেছেন তিনি। ব্রাজিলিয়ান এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আলমাদা বলেন, ‘বোতাফোগোতে অসাধারণ সময় কাটিয়েছি। আসলেই খুব সুন্দর। সত্যি তা ভোলার নয়। কে বলতে পারেন, হয়তো কোনো এক সময় আবার ক্লাবটিতে ফিরতে পারি।’
বোতাফোগোর জার্সিতে ২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত এক বছরের ক্যারিয়ারে দুটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন আলমাদা। ২০২৪ সালে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ ও কোপা লিবার্তাদোরেস জিতেছেন তিনি। ডালাসে আজ জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা ৩-১ গোলে জয়ের পর বোতাফোগোর স্মৃতিচারণা করেছেন। ব্রাজিলিয়ান ক্লাবটির ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমি এই সুযোগে বোতাফোগোর সমর্থকদের শুভেচ্ছা জানাতে চাই। তাঁরা সব সময় যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’
এক ক্লাবে দীর্ঘ সময় খেলার উদাহরণ বললে স্বাভাবিকভাবেই লিওনেল মেসির নাম চলে আসবে। দীর্ঘ দুই দশক বার্সেলোনার হয়ে খেলার পর দুইবার ক্লাব বদলাতে হয়েছে তাঁকে। বার্সার পর পিএসজিতে দুই বছর খেলার পর পাড়ি জমিয়েছেন ইন্টার মায়ামিতে। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে তিন বছরের ক্যারিয়ারেও শিরোপা জয়ের কীর্তি রয়েছে তাঁর।
মেসির জাতীয় দলের সতীর্থ আলমাদা ২০১৮ সালে ভেলেস সার্সফিল্ডের হয়ে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৭ বছরের ক্যারিয়ারে ভেলেস সার্সফিল্ডের পাশাপাশি আটলান্টা ইউনাইটেড, বোতাফোগো, লিওঁ, আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলেছেন আলমাদা। যার মধ্যে লিওঁতে খেলেছিলেন ধারে।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার তিন ম্যাচের মধ্যে প্রথম দুই ম্যাচে (আলজেরিয়া, অস্ট্রিয়া) শুরুর একাদশে ছিলেন আলমাদা। তবে কোনোটিতেই পুরো ৯০ মিনিট খেলতে পারেননি। আজ তো তিনি জর্ডানের বিপক্ষে ৬০ মিনিটে জিওভানি লো সেলসোর বদলি হিসেবে নেমেছেন। আর্জেন্টিনা তিন ম্যাচ জিতে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে নকআউট পর্বে। ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে শেষ বত্রিশের ম্যাচ।