বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যা নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এসব বিষয় উত্থাপন করেন। এ সময় তিনি ঋণখেলাপি মামলায় জড়িত দুই সরকারদলীয় সংসদ সদস্যের অবস্থান এবং সাম্প্রতিক বিভিন্ন গুজব নিয়েও বক্তব্য দেন। জবাবে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে সংসদকে জানিয়েছেন যে তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। তিনি সুস্থ হলে যথাসময়ে সংসদে যোগ দেবেন। অন্যান্য বিষয় প্রসঙ্গে স্পিকার বলেন, আদালতে বিচারাধীন কোনো বিষয় এবং গুজব জাতীয় সংসদের আলোচ্য হতে পারে না। তিনি বলেন, ‘গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়।’ এ ছাড়া কোনো সংসদ সদস্যের সদস্যপদ নিয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এলে তা যথাসময়ে সংসদকে অবহিত করা হবে বলেও জানান স্পিকার।