ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
Advance News

কনসার্টে ফিরছে আর্টসেল

সময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ততম ব্যান্ড আর্টসেল। কনসার্ট নিয়ে দেশ-বিদেশে সারা বছর ব্যস্ত থাকে দলটি। তবে ছয় মাস ধরে আর্টসেলের নতুন কোনো কনসার্টের খবর পাওয়া যায়নি। সর্বশেষ গত নভেম্বরে অস্ট্রেলিয়ায় গান শুনিয়েছিল তারা। অবশেষে বিরতি কাটিয়ে আবার ফিরছে আর্টসেল। আগামী সেপ্টেম্বরে কানাডায় সংগীতসফর করবে তারা। এর মাধ্যমে ১০ মাস পর স্টেজে ফিরছে আর্টসেল। ১৩ সেপ্টেম্বর থেকে কানাডার ভ্যাঙ্কুভার শহরে শুরু হবে আর্টসেলের এই সংগীতসফর। আর্টসেল ব্যান্ডের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল জানালেন, ভ্যাঙ্কুভার ছাড়া টরন্টো, ক্যালিগারোসহ কানাডার বিভিন্ন শহরে কনসার্ট নিয়ে আলোচনা চলছে। চূড়ান্ত হলেই আর্টসেলের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। এই সফরে নিজেদের জনপ্রিয় গানগুলোর সঙ্গে নতুন গানও গাইবে আর্টসেল। কনসার্ট থেকে বিরতির প্রসঙ্গে ইকবাল আসিফ জুয়েল বলেন, ‘নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের পর আমাদের ভোকাল লিংকন ভাইয়ের মা মারা যান। এরপর তিনি তাঁর ভাইয়ের কাছে যুক্তরাষ্ট্রে চলে যান। এ ছাড়া আরও কিছু কারণে কনসার্ট থেকে বিরতিতে ছিল আর্টসেল। এবার স্টেজে ফেরার পালা। লিংকন ভাই এখন কানাডায় আছেন। কনসার্ট নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলছেন। এ ছাড়া অস্ট্রেলিয়া থেকে গিটারিস্ট সেজান যোগ দেবেন এ ট্যুরে। পুরো লাইনআপ নিয়ে কানাডা মাতাবে আর্টসেল। এর আগেরবার কানাডা ট্যুরে দারুণ সাড়া পেয়েছিলাম। আশা করছি, এবারও তেমনটা হবে।’ নভেম্বরে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ‘চতুর্থাংশ’ নামের নতুন ইপি অ্যালবামের দুটি গান প্রকাশ করে আর্টসেল। অক্টোবরে প্রকাশ পাওয়া গান দুটির শিরোনাম ‘ও আকাশ’ এবং ‘একটা নতুন গান’। প্রকাশের অপেক্ষায় আছে এই ইপি অ্যালবামের আরও দুটি গান ‘বিদায় কীভাবে জানাই’ ও ‘জানি ভুল করেছি’। আর্টসেল ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চারটি গান প্রকাশের পর দ্য মেকিং অব চতুর্থাংশ নামের একটি ডকুমেন্টারি প্রকাশ করবে আর্টসেল, সেখানে তুলে ধরা হবে গান তৈরির পেছনের গল্প। লিংকন (ভোকাল ও গিটার), সাজু (ড্রামস), জুয়েল (লিড গিটার), ফয়সাল (লিড গিটার) ও সেজান (বেজ গিটার)

কনসার্টে ফিরছে আর্টসেল