মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে আব্দুর রাজ্জাক নামে এক খুচরা সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কালিগঞ্জ ও ছাতারদিঘী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের দোকানে সার বিক্রয়ে অনিয়মের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে।পরে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২ ধারায় অভিযুক্ত ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, কৃষকদের স্বার্থ সুরক্ষায় এবং সারের কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে। সারের বাজারে যেকোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদসহ স্থানীয় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।