মো: সাব্বির হোসেন
চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি
চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস বাংলা কিউআর এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই, ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর এই ডিজিটাল প্লাটফর্ম এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রানীরবন্দর পূবালী ব্যাংক পিএলসি’র শাখা ব্যবস্থাপক সুমন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
জনাব ফাতেহা তুজ জোহরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র সৈয়দপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক মোঃ আশানুর রহমান শাহ্, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মোঃ আব্দুল বারী, ১ নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সিকান্দার আলী শাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র শাখার ক্যাশ অফিসার হুসাইন মোহাম্মদ ফিরোজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ক্যাশলেস ব্যাংকিং সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। আধুনিক প্রযুক্তিনির্ভর এ সেবার মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমে আসায় লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
বিশেষ অতিথিরা বলেন, পূবালী ব্যাংক পিএলসি দীর্ঘদিন ধরে গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রানীরবন্দরে ক্যাশলেসের উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের গ্রাহকরা আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার নতুন দিগন্তে প্রবেশ করবেন। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।