ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগে দায়ের করা পৃথক দুটি নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ধুনট থানা থেকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে উপজেলার পৃথক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আড়কাটিয়া গ্রামের জনাব আলী সরকারের ছেলে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মিঠু (৫৫) এবং জোলাগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী লাভলু খন্দকার (৩৮)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির তৎকালীন প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে লাভলু খন্দকারকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির কর্মীসভা চলাকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নজরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করেছে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, পৃথক দুটি নাশকতার মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আব্দুর রাজ্জাক আশিক ধুনট, বগুড়া
