আনিসুর রহমান মানিক :
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চার রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের আওতাধীন মাগুরমারী বিওপির একটি টহল দল মঙ্গলবার [তারিখ] সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের টিয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের মেইন পিলার ৭৪২/৭ এসের বরাবর বাংলাদেশের অভ্যন্তর থেকে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—এনায়েতুল্লাহ (২৭), পিতা নুর আলম; তার স্ত্রী মোছা. জাইনুব বিবি (২১)। তাদের ঠিকানা কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প। অপর দুজন হলেন এনামুল হাসান (২৩), পিতা সাব্বির আহমেদ এবং তার স্ত্রী মোছা. নুর কলিমা (২০)। তাদের ঠিকানা কক্সবাজারের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প বলে জানা গেছে।
বিজিবি জানায়, আটক চারজনকে মাগুরমারী বিওপির হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পরবর্তীতে আটক ব্যক্তিদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মতামত