মনোয়ারুল ইসলাম
রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর মেট্রোপলিটন এলাকায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ ও সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আরপিএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ লংমার্চ ও সমাবেশে অংশ নেবেন। তাঁদের নিরাপদে কর্মসূচিতে অংশগ্রহণ এবং কর্মসূচি শেষে নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি বলেন, কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে রংপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজক ও সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি যাতে না থাকে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ কমিশনার আরও বলেন, কর্মসূচি চলাকালে কোনো বিষয়ে অসুবিধা বা সমন্বয়ের প্রয়োজন হলে আয়োজক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারস্পরিক যোগাযোগের মাধ্যমে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেবে। জনসাধারণের চলাচল ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজন অনুযায়ী সড়ক ব্যবস্থাপনা ও চলাচলের ক্ষেত্রে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারী, আয়োজক ও সংশ্লিষ্ট সবাইকে আইন-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
সভায় ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ তাঁদের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়, সম্ভাব্য উদ্বেগ ও প্রত্যাশার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতার আশ্বাসে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং কর্মসূচি সফল করতে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আবদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সনাতন চক্রবর্তী।
১১ দলীয় ঐক্যের পক্ষে উপস্থিত ছিলেন এবি পার্টি রংপুর মহানগরের সদস্য সচিব মোঃ গোলজার হোসেন, এবি পার্টির রংপুর বিভাগীয় কমিটির সদস্য মোঃ মাহবুবার রহমান মাহবুব, এনসিপি রংপুর জেলার আহ্বায়ক মোহাম্মদ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির জেলা সম্পাদক মোঃ শাহিনুর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতামত