মোঃ আজিজুল হাকিম
পার্বতীপুর, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাবার বিক্রির অপরাধে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—শহরের শহীদ মিনার সড়কের ‘শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’, ‘বীর মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’, পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের ‘মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ এবং ‘তাজ বেকারি’। এর মধ্যে প্রতিটি হোটেলকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা এবং তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার এই অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী জানান, এসব প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ফ্রিজে রাখা পচা মিষ্টি ও দই উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না এবং প্রয়োজনীয় লেবেলও সংযুক্ত ছিল না। অনেক খাবারে মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় এসব প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত ও সামারি ট্রায়াল পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অভিযানকালে দিনাজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, পার্বতীপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু নাসের, পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।