আব্দুর রাজ্জাক আশিক
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালোপাড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য চন্দ্র হাওয়ালদার।
আহতরা হলেন—মালোপাড়া গ্রামের চন্দ্র হাওয়ালদার (৫৫), তাঁর স্ত্রী ছবি রানী (৪৫), ছেলে সয়ন হাওয়ালদার (২৫) ও ভাগিনা সজল হাওয়ালদার (৩৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, চন্দ্র হাওয়ালদারের সঙ্গে একই গ্রামের সনাতন হাওয়ালদারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে শুক্রবার সকালে চন্দ্র হাওয়ালদারের স্ত্রী ছবি রানী গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাঁর পথরোধ করে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হয়।
এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে ছেলে সয়ন হাওয়ালদারকেও মারধর করা হয়। পরে চন্দ্র হাওয়ালদার ও তাঁর ভাগিনা সজল হাওয়ালদারও হামলার শিকার হন। এতে চারজন আহত হন। তাঁদের মধ্যে ছবি রানী ও সয়ন হাওয়ালদারের মাথায় রক্তাক্ত জখম হয়েছে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁরা চিকিৎসা নেন।
চন্দ্র হাওয়ালদারের অভিযোগ, সনাতন হাওয়ালদার, তাঁর দুই ছেলে বিশ্বনাথ ও বিল্টু হাওয়ালদার এবং জামাতা অনিমেষ এ হামলার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সনাতন হাওয়ালদার।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত