মোল্লা ইকবাল হুসাইন,
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের জুঙ্গশিয়া চৌরাস্তা রিলাক্স মোড়ে সড়কের পাশের সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে মেজবা গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দিঘলিয়া থানা ও মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে কাজ বন্ধ রাখতে বলা হলেও তা উপেক্ষা করে রাতারাতি পিলার ঢালাই সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডোমরা গ্রামের হবি গাজীর ছেলে মেজবা গাজী সরকারি জায়গার ওপর রড ও কংক্রিটের পিলার নির্মাণ করে পাকা ঘর তুলছেন। এ ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, "মেজবা গাজীকে কাজ করতে নিষেধ করা হয়েছে। এরপরও কাজ চলছে কি না, তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতারাতি পিলারের ঢালাই সম্পন্ন করা হয়েছে। তাদের আরও দাবি, ওই স্থানে আগে এক অসচ্ছল ব্যক্তি অস্থায়ী চালাঘরে চায়ের দোকান পরিচালনা করতেন। তাকে উচ্ছেদ করার পর সেখানে পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়।
এ ঘটনায় তদন্ত করে সরকারি জায়গা দখলের অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।