মোল্লা ইকবাল হুসাইন,
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি স্টার ২ নম্বর গেট চ্যাটার্জি বাজার এলাকার আরমান ফার্মেসির স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ভুল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজন রোগী অসুস্থ হয়ে পড়ার দাবি করেছে তার পরিবার। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সহ-সভাপতি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেনের জন্য ডায়াবেটিসের ওষুধ Limpet 2 কিনতে গেলে একই গ্রুপের বিকল্প ওষুধের পরিবর্তে Novotril নামে একটি ঘুমের ওষুধ দেওয়া হয়। ওষুধটি সেবনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের দাবি।
পরিবার জানায়, প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসক ডা. মো. মাহবুবুল আলমের পরামর্শে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে বিশ্রাম নেওয়া এবং ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার নির্দেশ দেন।
পরিবারের আরও দাবি, বাড়িতে ফেরার পর পুনরায় শারীরিক অসুস্থতা দেখা দিলে একজন চিকিৎসক বাসায় এসে ব্যবহৃত ওষুধ পরীক্ষা করে জানান, সেটি ডায়াবেটিসের নয়, বরং ঘুমের ওষুধ।
এদিকে, স্থানীয় বাসিন্দা সুবল সরকার অভিযোগ করেন, তার নাতনীর জন্য একই ফার্মেসি থেকে কেনা Beltas ওষুধের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বাসায় গিয়ে তিনি বিষয়টি জানতে পারেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সংশ্লিষ্ট ফার্মেসির বিরুদ্ধে এর আগেও ভুল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। তারা বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আরমান ফার্মেসির স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম বলেন, "ঘटनাটি অনিচ্ছাকৃত ভুল ছিল। ভবিষ্যতে এমন ভুল আর হবে না।"
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে ওষুধ কেনার সময় ওষুধের নাম, মেয়াদ ও ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে স্থানীয়দের মধ্যে আরেকটি প্রশ্নও আলোচনায় এসেছে। তাদের দাবি, মো. রফিকুল ইসলাম আগে একটি জুট মিলে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ফার্মেসি পরিচালনা করছেন। এ কারণে তার ফার্মেসি পরিচালনার প্রয়োজনীয় প্রশিক্ষণ, নিবন্ধন ও আইনগত যোগ্যতা রয়েছে কি না—তা তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।