অপূর্ব সরকার,
পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলতাফ হোসেন ওরফে মো. আনোয়ার বয়াতী (৪৮)-কে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প)।
রবিবার (১২ জুলাই) দুপুরে পটুয়াখালী সদর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র্যাব-৮-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, রাজমিস্ত্রীর কাজের সুবাদে অভিযুক্তের ভিকটিমের বাড়িতে যাতায়াত ছিল। ঘটনার দিন তিনি বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিম পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বড় বোন বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন এবং অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে এড়িয়ে চলার চেষ্টা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।